ভূমিকা: রুকইয়াহ হলো কুরআন ও সুন্নাহ ভিত্তিক আধ্যাত্মিক চিকিৎসা পদ্ধতি, যা জিন, সিহর (জাদু), নজর (বদনজর) ও ওয়াসওয়াসা থেকে সুরক্ষা ও নিরাময়ের জন্য ব্যবহৃত হয়। নিচে একটি সহজ, ধারাবাহিক ৭ দিনের সেলফ রুকইয়াহ রুটিন দেওয়া হলো, যা যে কেউ ঘরে বসে নিজে নিজে করতে পারবেন। এটি ফলো করে আপনি ২/৩ মাস বা আপনার সমস্যা অনুযায়ী নিয়মিত আমল করুন।
গুরুত্বপূর্ণ নোট: রুকইয়াহ কোনো জাদুমন্ত্র নয়, বরং আল্লাহর কালাম দিয়ে চিকিৎসা। তাই আন্তরিকতা, তাওহীদের বিশুদ্ধতা এবং আল্লাহর উপর ভরসাই এর মূল ভিত্তি — শুধু আয়াত পড়লেই কাজ হয়ে যাবে, এই ধারণা ভুল।
প্রথমে যা জানা জরুরি — শর্ত ও প্রস্তুতি
- বিশুদ্ধ নিয়ত: শুধুমাত্র আল্লাহর সাহায্য কামনা করে রুকইয়াহ করতে হবে।
- ওজু অবস্থায় থাকা উত্তম (ফরজ নয়, তবে উত্তম)।
- হালাল রিযিক ও গুনাহমুক্ত জীবনযাপন: তাবিজ, কবিরাজি, রাশিফল ইত্যাদি শিরকী কর্ম থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।
- তওবা করে রুকইয়াহ শুরু করা।
- ধৈর্য ধরা: অনেক সময় প্রতিক্রিয়া (কাঁপুনি, বমি বমি ভাব, ঘুম ঘুম ভাব, শরীরে ব্যথা) দেখা দিতে পারে, ভয় পাওয়ার কিছু নেই — বরং এটি বোঝায় যে শরীর সাড়া দিচ্ছে।
প্রয়োজনীয় উপাদানসমূহ
১. পানি (৫ লিটার)
জমজমের পানি নেওয়ার চেষ্টা করবেন যা সর্বোত্তম। অথবা বৃষ্টির বরকতময় পানি (সুরা ক্বফ: ৯)। বা সাধারণ পানি। জমজম/বৃষ্টির পানি অল্প হলেও মিক্স করতে পারেন।
২. তেল (১০০ মিলি)
অলিভ অয়েল ও কালোজিরা তেল। কোরআনুল কারিমে যাইতুনের তেলকে বরকতময় বলা হয়েছে (সুরা নুর: ৩৫)।
৩. মধু (২৫০/৫০০ গ্রাম)
অথেন্টিক ও খাঁটি মধু। আল্লাহ তায়ালা বলেছেন, মধুর মাঝে মানুষের জন্য শিফা রয়েছে (সুরা নাহল: ৬৯)।
৪. কালোজিরা (৫০ গ্রাম)
ভালো মানের পরিষ্কার কালোজিরা নিন। রাসুল (সা.) বলেছেন, কালোজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের শিফা (মুসলিম)।
৫. কোরআনুল কারিম: সরাসরি মুসহাফ বা অ্যাপ থেকে পড়তে পারেন। আল্লাহ বলেন— বিশ্বাসীদের জন্য কোরআনের মাঝে রয়েছে শিফা এবং রহমত (বানি ইসরাইল: ৮৬)।
দৈনিক মূল আয়াতসমূহ (প্রতিদিনের ভিত্তি)
প্রতিদিনের রুটিনে এই অংশগুলো অবশ্যই তিলাওয়াত করে পানি ও তেলে ফুঁ দেবেন এবং বুকে ও শরীরে হাত বুলাবেন:
- সূরা ফাতিহা (সম্পূর্ণ)
- আয়াতুল কুরসি (সূরা বাকারা ২:২৫৫)
- সূরা বাকারা ২:২৮৫–২৮৬
- সূরা ইখলাস, ফালাক, নাস (প্রতিটি ৩ বার করে)
- সূরা কাফিরুন (১ বার)
সেল্ফ রুকইয়াহ করার নিয়ম
আপনার সুস্থতা লাভের জন্য যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে প্রথমে ১, ২, ৩ এভাবে ক্রমানুসারে নোট ডাউন করে নিন।
১ম দিন ১ম সমস্যার জন্য ৩০ মিনিট, ২য় দিন ২য় সমস্যার জন্য ৩০ মিনিট, ৩য় দিন ৩য় সমস্যার জন্য এভাবে প্রতিদিন ৩০ মিনিট নিজেই নিজের রুকইয়াহ করুন।
৩০ মিনিটের বিভাজন:
- প্রথম ১৫ মিনিট এই বাংলা দোয়াটি পড়ুন: "হে আল্লাহ আমার..... সাথে সম্পৃক্ত সকল বদনজর, হাসাদ, সেহের, উক্বাদ, শরীরের ভিতরে ও বাহিরে থাকা শয়তান জিন ও তাদের সকল প্রভাবকে আপনি ধ্বংস করে দিন"
- পরবর্তী ১৫ মিনিট: সূরা ফাতিহা, ফালাক এবং নাস পাঠ করুন।
সকাল-সন্ধ্যার বিশেষ দোয়া ও ঝাড়ফুঁক
১. শয়তান থেকে আশ্রয় চাওয়ার দোয়াأَعُوذُ بِاللّٰهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ
উচ্চারণ: আউযু বিল্লাহিস্-সামীইল আলীমি মিনাশ্-শাইত্বানির রজীম। মিন হামযিহি ওয়া নাফখিহি ওয়া নাফছিহি।
অর্থ: আমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই—তার কুমন্ত্রণা, অহংকারের প্ররোচনা এবং তার কুপ্রভাব থেকে।
২. পূর্ণাঙ্গ কালিমার মাধ্যমে আশ্রয় চাওয়ার দোয়াأُعِيذُكُمْ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
উচ্চারণ: উঈযুকুম বিকালিমাতিল্লাহিত্-তাম্মাহ, মিন কুল্লি শাইত্বানিন ওয়া হাম্মাহ, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ।
অর্থ: আমি তোমাদেরকে আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে আশ্রয় দিচ্ছি—প্রত্যেক শয়তান, ক্ষতিকর প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টিসম্পন্ন চোখের অনিষ্ট থেকে।
৩. জিবরাইল (আ.)-এর রুকইয়াহর দোয়াبِسْمِ اللَّهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللَّهُ يَشْفِيكَ، بِسْمِ اللَّهِ أَرْقِيكَ
উচ্চারণ: বিসমিল্লাহি আরক্বীক। মিন কুল্লি শাইইন ইউ'যীক। মিন শার্রি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদ। আল্লাহু ইয়াশফীক। বিসমিল্লাহি আরক্বীক।
অর্থ: আল্লাহর নামে আমি তোমার জন্য রুকইয়াহ করছি। যা কিছু তোমাকে কষ্ট দেয়, তা থেকে; প্রত্যেক হিংসুকের হিংসা ও কুদৃষ্টির অনিষ্ট থেকে। আল্লাহ তোমাকে সুস্থ করুন। আল্লাহর নামেই আমি তোমার জন্য রুকইয়াহ করছি।
৪. অসুস্থতা ও হিংসা থেকে আরোগ্যের দোয়াبِاسْمِ اللَّهِ يُبْرِيكَ، وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ، وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ، وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ
উচ্চারণ: বিসমিল্লাহি ইউবরীক। ওয়া মিন কুল্লি দাঈন ইয়াশফীক। ওয়া মিন শার্রি হাসিদিন ইযা হাসাদ। ওয়া শার্রি কুল্লি যী আইন।
অর্থ: আল্লাহর নামে তিনি তোমাকে আরোগ্য দান করুন। তিনি তোমাকে প্রত্যেক রোগ থেকে সুস্থ করুন। প্রত্যেক হিংসুকের হিংসা থেকে এবং প্রত্যেক কুদৃষ্টিসম্পন্ন ব্যক্তির অনিষ্ট থেকে রক্ষা করুন।
৫. রাসূল ﷺ-এর শিফার দোয়াاللَّهُمَّ رَبَّ النَّاسِ، أَذْهِبِ الْبَأْسَ، اشْفِ وَأَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
উচ্চারণ: আল্লাহুম্মা রব্বান্-নাস। আযহিবিল বা'স। ইশফি ওয়া আন্তাশ্-শাফী। লা শিফা'আ ইল্লা শিফাউক। শিফা'আন লা ইউগাদিরু সাকামা।
অর্থ: হে আল্লাহ! হে মানুষের রব! আপনি কষ্ট দূর করুন। আরোগ্য দান করুন। আপনিই একমাত্র আরোগ্যদাতা। আপনার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই। এমন পূর্ণাঙ্গ আরোগ্য দান করুন, যা কোনো রোগ-ব্যাধি অবশিষ্ট রাখবে না।
৭ দিনের অতিরিক্ত আয়াতসমূহ
দিন ১: সূরা আ'রাফ ৭:১১৭–১২২
দিন ২: সূরা ইউনুস ১০:৭৯–৮২ এবং সূরা ত্বহা ২০:৬৫–৬৯
দিন ৩: সূরা বাকারা ২:১–৫ এবং সূরা মু'মিনুন ২৩:১১৫–১১৮
দিন ৪: সূরা সাফফাত ৩৭:১–১০ এবং সূরা জিন ৭২:১–৯
দিন ৫: সূরা হাশর ৫৯:২১–২৪ এবং সূরা ইসরা ১৭:৮২
দিন ৬: দিন ১ ও ২-এর আয়াতগুলোর পুনরাবৃত্তি + অতিরিক্ত ৩ বার ইখলাস, ফালাক, নাস
দিন ৭: মূল আয়াতসমূহ, আয়াতুল কুরসি, সূরা আ'রাফ ১১৭-১২২, সূরা ত্বহা ৬৫-৬৯
* চেষ্টা করবেন ৩ দিনে অন্তত ১ বার সম্পূর্ণ সূরা বাকারা শেষ করা। প্রতিদিন পাঠ করা উত্তম।
দৈনিক ব্যবহার ও গোসলের নিয়ম
- সকালে খালি পেটে ও রাতে ঘুমানোর আগে রুকইয়াহ করা পানি পান করুন।
- সপ্তাহে অন্তত ৩ দিন সেই রুকইয়াহর পানির দ্বারা গোসল করুন।
- বিশেষ গোসল: ৭টি বড়ই পাতা বাটা + ১ গ্লাস ঝাড়ফুঁক করা পানি + ১ চামচ অলিভ অয়েল ও অল্প লবণ মিক্স করে সপ্তাহে অন্তত ২ দিন গোসল করুন।
- রুকইয়াহ করা অলিভ অয়েল বুক, কপাল, ঘাড় ও ব্যথার স্থানে মালিশ করুন।
- ঘুমানোর আগে আয়াতুল কুরসি, তিন কুল (ইখলাস, ফালাক, নাস) এবং সূরা মূলক তেলাওয়াত করে শরীরে ফুঁ দিন।
অতিরিক্ত উপকারী সুন্নাহ আমল
- সকাল-সন্ধ্যার মাসনুন যিকির নিয়মিত পড়া।
- বেশি বেশি ইস্তিগফার, "লা ইলাহা ইল্লাল্লাহ" এবং দরুদ শরীফ পড়া।
- পাঁচ ওয়াক্ত সালাত জামাতে (সম্ভব হলে) আদায় করা।
- নিয়মিত সুস্থতার নিয়তে দান-সাদকা করুন।